জনবিন্যাস মিশন জনবিন্যাসগত 🔴 সুবিধালাভ কোনটা বেশি জরুরী?

জনবিন্যাস মিশন

 জনবিন্যাসগত
                🔴               

সুবিধালাভ

      কোনটা বেশি জরুরী?                    

শ্রুতিনাথ প্রহরাজ



গত লোকসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবু তাদের মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সর্বগ্রাসী আধিপত্য কায়েম করার লক্ষ্যে, সরকারকে পুরোদস্তুর কাজে লাগাতে মরিয়া। স্বাধীনতা উত্তরকালে এই প্রথম প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে গান্ধী হত্যা ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির কারণে অভিযুক্ত ও এই কারণে সেই সময়ে নিষিদ্ধ হওয়া সংগঠন আর এস এস কত ভালো, তা সবিস্তারে দেশবাসীকে শুনতে হলো। আসলে এদের গুরুদক্ষিণা প্রথা চালু আছে। একসময়ের নিষ্ঠাবান সঙ্ঘ প্রচারক বর্তমানের প্রধানমন্ত্রী মোদি সঙ্ঘের শতবর্ষে তাঁর গুরুদক্ষিণা দিলেন ঠিক এইভাবেই, সঙ্ঘ  পরিবারের সরকারী স্বীকৃতি প্রদানের মাধ্যমে! একই সাথে সঙ্ঘ পরিবারের পরিকল্পনা কার্যকর করতে 'জনবিন্যাস মিশন' ঘোষণা করলেন। এই মিশন আদতে দেশের মানুষের মধ্যে ধর্ম ও জাতপাত ভিত্তিক বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা, যা আসলে তথাকথিত 'ঘুশপেটিয়া' বা অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করে দেশ থেকে তাড়ানোর নামে অসহায় শরণার্থী ও সংখ্যালঘু মানুষের উপর নিপীড়ন নামিয়ে আনার সরকারি প্রচেষ্টা। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকা খাদ্য- বস্ত্র- বাসস্থান -শিক্ষা- স্বাস্থ্য- কর্মসংস্থান ইত্যাদি জরুরী বিষয়গুলি আড়াল করতে সুকৌশলে এই জনবিন্যাস মিশনের কথা বলা হয়েছে। আর এস এস এর শতবর্ষের পরিকল্পনায়, আগামী বছরগুলিতে এধরণের আরও কত বিপদ সরকারী স্বীকৃতি পাবে আমরা জানিনা।


অথচ এই 'জনবিন্যাস মিশন' দেশের সংখ্যাগরিষ্ঠ অসহায় মানুষের জীবনমান উন্নয়নের কথা ভেবে তৈরি হতে পারতো। কারণ, ভারতে জনবিন্যাসগত লভ্যাংশ বা সুবিধা  (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগানোর একটা উপযোগী পরিস্থিতি এই সময়ে তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রগতির পথ সুগম করা সম্ভব। জনবিন্যাসের এই সুবিধা  প্রাপ্তির প্রধান কারণ হলো, এদেশে জনসংখ্যায় কর্মক্ষম ব্যক্তিদের (১৫-৬৪ বছর) অনুপাত নির্ভরশীল জনসংখ্যার (শিশু এবং বয়স্কদের) তুলনায় অনেকটা বেশি। ভারতের গড় বয়স এখন প্রায় ২৮ বছর, যা উন্নয়নশীল দেশগুলির গড় বয়সের তুলনায় অনেকটাই কম। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি তৈরি হয় দেশের জনগণের জন্ম এবং মৃত্যুহার-- দুইই কম হওয়ার কারণে। অনুমান করা যায়, আগামী ২০৪১ সাল পর্যন্ত ভারত এই সুবিধা লাভ করবে।


জনসংখ্যাগত এই সুবিধা দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে, যা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হতে পারে। কিন্তু এর সবটাই নির্ভর করছে দেশ পরিচালনার নীতি কি হবে তার উপর। বিপুল আকারে কর্মক্ষম এই জনসম্পদকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে কাজে লাগানোর জন্য, পরিকল্পনামাফিক উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে না পারলে জনবিন্যাসগত লভ্যাংশের সুফল পাওয়া সম্ভব নয়। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে যাতে তারা উপযুক্ত হয়ে উঠতে পারে। একই সাথে সরকারি উদ্যোগে দেশের অভ্যন্তরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির সর্বোচ্চ সুযোগ তৈরি করতে হবে যাতে এই দক্ষ শ্রম যথাযথভাবে নিযুক্ত করা সম্ভব হয়। বিশেষ করে শ্রম নির্ভর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিনিয়োগ ভালো অংশের বৃদ্ধি পেলে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়। এই লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে আরও একটি জরুরী বিষয় হল, সামাজিক ন্যায় সুনিশ্চিত করা, যাতে মহিলা ও আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হয়। একই জনবিন্যাস গোষ্ঠীভুক্ত হয়েও তাদের যাতে পিছিয়ে পড়তে না হয়। জনবিন্যাসের সুবিধা থাকলেও সামাজিক বৈষম্য অনেক সময় অর্থনৈতিক প্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তাই,এদিকেও নজর দেওয়া দরকার। সর্বোপরি জনবিন্যাসগত লভ্যাংশকে কার্যকর করতে, এই বিপুল অংশের জনগোষ্ঠীর কর্মক্ষমতার সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ, মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক সাধনগুলির প্রয়োজনীয় প্রাপ্তি সুনিশ্চিত করতে হবে। এর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি নীতি প্রণয়ন এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে হবে।


 গবেষকদের মতে, ২০৩০ সাল পর্যন্ত ভারতে এই কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বছরে প্রায় ১.২ কোটি করে বাড়বে। এদের যদি যথাযথভাবে কাজে লাগাতে হয় তাহলে দেশের অভ্যন্তরে প্রতিবছর ৮৫ থেকে ৯০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষি ক্ষেত্র থেকে উদ্বৃত্ত শ্রমকে এভাবেই শিল্প ক্ষেত্রে কাজে লাগানোর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটাই ভারতবর্ষের মতো যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের বাস্তবসম্মত বোঝাপড়া হওয়া উচিত উচিৎ, যা নোবেল জয়ী অর্থনীতিবিদ আর্থার লুইস তাঁর কৃষির উন্নয়ন থেকে শিল্পে রূপান্তর সংক্রান্ত গবেষণায় দেখানোর চেষ্টা করেছেন। এভাবেই দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। চিন বা ভিয়েতনাম এই পথেই তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। এই দেশগুলি তাদের জন্যবিন্যাসগত সুবিধা কে আর্থিক প্রগতির কর্মকান্ডে পুরোদস্তুর কাজে লাগাতে সক্ষম হয়েছে। ভারতকেও ঠিক একই ভাবে এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর স্বার্থে, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে, বিশেষ করে উৎপাদন শিল্পে। একটা সময় শিল্পপতিদের উৎসাহ দেওয়ার জন্য উৎপাদন কেন্দ্রিক ইনসেন্টিভ স্কিম (পি এল আই) চালু করা হয়েছিল। এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার ঢাকঢোল পিটিয়ে 'মেক ইন ইন্ডিয়া' র প্রচার করলেও শিল্পপতিরা এদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। পি এল আই স্কিম ছাড়াও অন্য কিছু বিষয় এর কারণ হিসেবে উল্লেখ করা যায়। চিনের তুলনায় এদেশে পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডিজেলের দাম ২০ শতাংশ বেশি। পেট্রোপণ্যের উপর সরকার আরোপিত ট্যাক্স এবং সেশ এর প্রধান কারণ।  ভারতে শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের দাম প্রায় ৩০-৪০ শতাংশ বেশি। এদেশে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আরো একটি বড় সমস্যা হল, উৎপাদন ক্ষেত্রে স্থায়ী নিয়োগের বদলে দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়া। খোদ সরকারি তথ্য মোতাবেক, দেশে গ্রাম শহর সব মিলিয়ে গড় বেকারত্বের হার গত চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, যা উদ্বেগজনক। আয়ের বৈষম্য বৃদ্ধির এও একটি অন্যতম কারণ।বিশ্ব ক্ষুধা-সূচকেও আমাদের অবস্থান প্রায় তলানিতে। দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে না পাওয়া অসহায় দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। অথচ বিশ্ব ব্যাংকের রিপোর্ট সামনে রেখে মোদি সরকার উল্লাশে নৃত্য করছে - দেশে নাকি বৈষম্য,দারিদ্র অনেকটাই কমেছে! এই মুহূর্তে এদেশের মানুষের দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্নে, এর থেকে বড় পরিহাস আর কিছু হতে পারে না।


এ কথা ঠিক, ভারতের জিডিপি বাড়ছে। কিন্তু একই সাথে দেশের মানুষের আয় বৈষম্য এবং সম্পদ বন্টনের অসমতাও ভয়ংকর ভাবে বাড়ছে। আয় ও সম্পদ বন্টনের সমতাহীন সমাজে আর্থিক বৈষম্যের পাশাপাশি সামাজিক বৈষম্যও অনেকটাই বেড়ে যায়, যার ফল ভুগতে হয়?সমাজের প্রান্তিক মানুষদের। রাজনীতির বোর্ডে এদের ঘুঁটি হিসেবে কাজে লাগাতে চায় বর্তমান শাসক দল সহ দেশের বুর্জোয়া রাজনৈতিক দলগুলি। সরকার আসে- যায়, ওদের জীবন-মানের কোন উন্নতি ঘটে না। এক কথায়, অসাম্য এদেশের অর্থনৈতিক প্রগতির প্রধান অন্তরায়। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, দেশের আর্থসামাজিক উন্নয়ন সংক্রান্ত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পরিকল্পনামাফিক সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা এখন দেশের অর্থনৈতিক প্রগতি, দারিদ্র, বেকারী, আয় ও সম্পদ বন্টনের প্রশ্নে বৈষম্য ইত্যাদি ক্ষেত্রে সেটুকু তথ্যই হাতে পাই যা সরকারিভাবে ম্যানুফ্যাকচার করে আমাদের দেওয়া হয়। এর সত্য-মিথ্যা জানার সুযোগ আমাদের নেই। উল্টে গোয়েবলসীয় কায়দায় এই সমস্ত তথ্য গোদি মিডিয়ায় বারংবার প্রচার করা হয়, যাতে মানুষ একেই সত্যি বলে ধরে নেয়।


সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট নিয়ে ঠিক এভাবেই সরকারি উদ্যোগে হইচই করা হলো। এই রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সময়ে ভারতে বৈষম্যের হার ক্রমহ্রাসমান হওয়ায় দারিদ্র অনেকটাই কমেছে। মানুষ ঠকানোর নিজস্ব মেকানিজমের বাইরে, বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট মোদি ও তাঁর সরকারকে অনেকটাই অক্সিজেন যুগিয়েছে সন্দেহ নেই। অথচ সরকারিভাবে এটি প্রকাশ্যে আনার সময় একবারও বলা হলো না, এই রিপোর্টের সারবত্তা নিয়ে আমাদের দেশের এবং বিশ্বের বহু অর্থনীতিবিদ ও গবেষক প্রশ্ন তুলেছেন। এ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে কারণ ভারতের প্রকৃত আর্থ-সামাজিক চিত্রের সঙ্গে এই রিপোর্ট মেলে না। আসলে বিশ্ব ব্যাংক মূলত আয় বৈষম্যের বিষয়টা বিবেচনায় রেখে গিনি কোইফিশিয়েন্টের মাধ্যমে এই তথ্য উপস্থিত করেছে। তাও কেবলমাত্র সংগঠিত ক্ষেত্রে যুক্ত মানুষের আয়কে ধরে, কারণ সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ যে অসংগঠিত ক্ষেত্রে যুক্ত তাদের সরকারিভাবে নির্দিষ্ট কোন ন্যূনতম মজুরি না থাকায়, উপরোক্ত সমীক্ষায় এদের বিষয়টি বিবেচনায় আনার সুযোগই থাকে না। কর সংক্রান্ত তথ্যের-ও যথাযথ প্রতিফলন  এখানে ঘটে না, কারণ এই সমীক্ষা মূলত আয়কর রিটার্ন যারা দাখিল করেন তার তথ্যের ভিত্তিতে করা হয়। এদেশে মাত্র ছয় কোটি মানুষ আয়কর রিটার্ন দাখিল করেন। এর বাইরে থাকা একটা বড় অংশের মানুষের আয় (বেশিরভাগ ক্ষেত্রে যা গোপন করা হয়) এই সমীক্ষার আওতায় আসে না।


তাছাড়া ভারতে যেহেতু কোন নিয়মতান্ত্রিক সম্পদ শুমারি হয় না, এ ধরণের সমীক্ষার ক্ষেত্রে সম্পদের কেন্দ্রীকরণের প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না। এই গিনি পরিমাপকের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, দেশের সর্বোচ্চ বিত্তশালীদের  উপরের দিকের একটা অংশ (০.১ শতাংশ) এবং আয় ও সম্পদের বিচারে নিচের দিকে থাকা ৫০ শতাংশ মানুষ এই সমীক্ষার আওতায় আসেন না। ফলে বৈষম্যের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। তাছাড়া, শুধু আয় দেখলেই তো চলে না, এদেশে সম্পদ বন্টনের বৈষম্য, ভোগের বৈষম্য, সামাজিক সুযোগ-সুবিধা প্রাপ্তির বৈষম্য ইত্যাদি আরো অনেক বিষয় রয়েছে যার প্রকৃত পরিমাপ ছাড়া 'দেশে বৈষম্য কমেছে'-- এমন মন্তব্য করা আদৌ যুক্তিযুক্ত নয়। বিশ্ব ব্যাংক বলেছে বলেই মেনে নিতে হবে, এমনটা ভাবার কোন কারণ নেই। বর্তমান সময়ে ধান্দার ধনতান্ত্রিক ব্যবস্থায়, লুটের বন্দোবস্ত আরো মজবুত করার জন্য আন্তর্জাতিক লগ্নিপুঁজির স্বার্থবাহী এই সংস্থা, তাদের সমীক্ষার সীমাবদ্ধতা সম্পর্কে পুরোদস্তুর ওয়াকিবহাল থেকেই এই কাজ করেছে।


 এবার খুব সংক্ষেপে ভারতবর্ষের প্রকৃত আর্থ-সামাজিক চিত্র দেখে নেওয়া যেতে পারে। আগেই বলেছি ভারতের জিডিপি দেখে দেশবাসীর প্রকৃত জীবনমান অনুমান করা সম্ভব নয়। এর বড় কারণ হল এদেশের আয় ও সম্পদ বন্টনের গুরুতর বৈষম্য। জনবিন্যাসগত লভ্যাংশ কাজে লাগানোর পূর্বশর্তই হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। অথচ, এ দেশের সার্বিক বিকাশ অর্থাৎ অর্থনৈতিক প্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর অন্তর্ভুক্তির সুযোগ খুবই সীমিত। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউ ই এফ) প্রকাশিত এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে  দেখা যাচ্ছে, উন্নয়নশীল ৭৪ টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৬২ তম। শুধু চীন নয়, প্রতিবেশী শ্রীলঙ্কা নেপালও এক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে।


ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেস থেকে প্রায় একই সময়ে 'ভারতবর্ষের অর্থনৈতিক অসাম্য' শীর্ষক একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রখ্যাত অর্থনীতিবিদ থমাস পিকেটি সহ আরো তিনজন অর্থনীতির গবেষক এই সমীক্ষার কাজ একত্রে পরিচালনা করেছেন। এই রিপোর্টে বলা হয়েছে, স্বাধীনতা উত্তর কালে ১৯৮০-র দশকের গোড়ার দিক পর্যন্ত ভারতবর্ষে আয় ও সম্পদ বন্টনের বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তারপর ধারাবাহিকভাবে এই বৈষম্য বাড়তে থাকে। গত শতাব্দীর আশির দশকে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের নির্দেশে চালু হয় কাঠামোগত পুনর্বিন্যাস কর্মসূচি। এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক কাঠামোর প্রধান ক্ষেত্রগুলিতে, সরকারের ভূমিকা ক্রমে সংকুচিত হতে শুরু করে। দেশি ও বিদেশী কর্পোরেট গোষ্ঠীর মাতামাতি শুরু হয় তখন থেকেই, যা প্রাতিষ্ঠানিক চেহারা নেয় ১৯৯১ সালে নব্য উদার অর্থনীতি চালু হওয়ার পর। এইভাবে আয় ও সম্পদের কেন্দ্রীকরণের প্রবণতা বেড়েছে। মুষ্টিমেয় কিছু বিত্তশালী পরিবারের আয় ও সম্পদের কেন্দ্রীভবন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে--  যা এই দুইয়ের বন্টনের বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ।


 অথচ, ১৯৭৮ সালে ৪৪ তম সংশোধনীর মাধ্যমে আমাদের দেশের সংবিধানের নির্দেশিকা নীতিতে ৩৮(২) ধারা যোগ করে বলা হয় ,  “রাষ্ট্র একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে আয়ের বৈষম্য কমাতে এবং মর্যাদা, সুযোগ-সুবিধা ও সম্পদ প্রাপ্তির সুযোগের বৈষম্য দূর করার জন্য প্রচেষ্টা চালাবে; কেবল ব্যক্তিদের মধ্যেই নয়, বরং বিভিন্ন ক্ষেত্র বা পেশায় যুক্ত মানুষের গোষ্ঠীর মধ্যেও।“ সংবিধানের এই সংশোধনী দেশের সমাজকল্যাণ ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতি প্রণয়নের নির্দেশ দেয়। দুঃখের হলেও একথা সত্যি, রাষ্ট্র সেই নির্দেশ কার্যকর করেনি বরং তারপর থেকেই দেশে আয় ও সম্পদ বন্টনের বৈষম্য ক্রমান্বয়ে বেড়েছে।  এখন তো বিজেপি ও সঙ্ঘ পরিবার দেশের সংবিধানের মূল মর্মবস্তুকেই মান্যতা দেওয়ার বদলে অস্বীকার করে চলেছে। তাই ওদের শাসনকালে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও মানুষের বৈষম্য মুক্তির আশা করাটাই বৃথা। ২০২২-২৩ সাল পর্যন্ত, সম্পদের এহেন সর্বাধিক কেন্দ্রীভবনের ফলে দেশে 'বিলিয়নিয়ার রাজ' প্রতিষ্ঠিত হয়। দেশের বিত্তশালী মানুষের উপরের দিকে থাকা মাত্র এক শতাংশ পরিবারের হাতে এদেশের জাতীয় আয়ের ২২.৬ শতাংশ এবং জাতীয় সম্পদের ৪০.১ শতাংশ কেন্দ্রীভূত হয়ে ছিল॥ গত দু-আড়াই বছরে এই হার আরো বেড়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতে এখন অর্থনৈতিক ক্রিয়া-কলাপের প্রকৃত তথ্য পাওয়া খুবই কষ্টসাধ্য। এর থেকেই বোঝা যায় বিশ্বব্যাংকের রিপোর্টে এদেশের যে বৈষম্য হ্রাসের কথা বলা হয়েছে তা কতটা হাস্যকর।


 থমাস পিকেটি ও তার বন্ধুরা তাদের রিপোর্টে শুধু সমস্যা চিহ্নিত করেই কাজ শেষ করেননি। পরন্তু কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় তার পথ নির্দেশ করেছেন। তাঁদের মতে এদেশে ধনী দরিদ্রের বৈষম্য নিরসনের লক্ষ্যে, সর্বপ্রথম আয় ও সম্পদ উভয়কেই অন্তর্ভুক্ত করে কর-কাঠামোর পুনর্গঠন জরুরি, যাতে সরকারি কোষাগার পুষ্ট হয় এবং স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও অন্যান্য মৌলিক পরিষেবায় সরকারি বিনিয়োগ অনেকটা বৃদ্ধি পায়। অর্থাৎ শুধু আয় নয়, সম্পদের উপরও কর আরোপ করতে হবে। স্বাধীন ভারতে ১৯৫৭ সাল থেকে 'সম্পত্তি কর আইন' চালু হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ সুরক্ষায়, ২০১৬ সালে তা তুলে দেওয়া হয়। বর্তমানের এই বৈষম্য কমাতে মুষ্টিমেয় কিছু গোষ্ঠী ও পরিবারের কাছে বিশাল আকারে কেন্দ্রীভূত সম্পদকেও করের আওতায় আনা জরুরী। আয় ও সম্পদ করের সঙ্গে সম্পদ হস্তান্তরের মাধ্যমে মালিকানা বজায় রাখার বন্দোবস্ত বন্ধ করার জন্য উত্তরাধিকার কর আরোপ করা দরকার। 


এই কাজের ফলে শুধু দেশের বিত্তশালী কিছু মানুষ বা পরিবার নয়, গড় ভারতবাসীর জীবনমান উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে। এর জন্য দেশের ১৬৭ টি সর্বোচ্চ সম্পদশালী পরিবারের মোট সম্পদের উপর ২ শতাংশ 'সুপার ট্যাক্স' আরোপ করার কথা তাঁরা বলেছেন যা দেশের জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। কিন্তু ওঁরা বললে কি হবে, এদেশ তো এখন চলছে কর্পোরেট ও হিন্দুত্ববাদী শক্তির আঁতাতে। তাই বিত্তশালী পরিবারের ওপর সুপার ট্যাক্স চাপানোর পরিবর্তে এদেশের সরকার গত এক দশক ধরে ধারাবাহিকভাবে কর্পোরেট গোষ্ঠীকে শুধু ট্যাক্সের ছাড় দিয়েছে তাই নয়, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মতো নানা ফন্দি ফিকির তৈরি করে দেশের  খনিজ সম্পদ, রেল, বিমানবন্দর, সমুদ্র বন্দর, বীমা, টেলি যোগাযোগ পরিকাঠামো ইত্যাদি বহু মূল্যবান সম্পদ ওদের হাতে জলের দরে তুলে দিয়েছে। আমজনতার আয় ও সম্পদ ভোগের ক্ষেত্রে এর প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। ফলে আয় ও সম্পদের বৈষম্য কমার বদলে দেশ জুড়ে দরিদ্র অসহায় শ্রমজীবী মানুষের উপর অর্থনৈতিক ও সামাজিক আক্রমণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রতিবাদে আক্রান্ত মানুষ যাতে সঙ্ঘবদ্ধ হতে না পারে তার জন্য কৃষি- শ্রম সহ অন্যান্য ক্ষেত্রের চালু আইন গুলির কর্পোরেটমুখী সংস্কার ঘটানো হয়েছে বা হচ্ছেও।

তাই, সরকারকে বাধ্য করতে হবে জনবিন্যাসগত সুবিধা কে কাজে লাগাতে নতুন আঙ্গিকের জনবিন্যাস মিশন গড়ে তোলার। মানুষে মানুষে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির মিশন নয়, আয় ও সম্পদের সমতা বিধান করে সার্বিক জীবনমান উন্নয়নের মিশন এগিয়ে নিয়ে যাওয়াই ভারতবাসীর এই সময়ের জরুরী এজেন্ডা হওয়া দরকার। দেশজুড়ে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। নতুবা, মোদির এই বিপজ্জনক জনবিন্যাস মিশন আগামী ভারতবর্ষের জনবিন্যাসগত সুবিধা কে জনবিন্যাসগত বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাবে।


div>
class="separator" style="clear: both; text-align: center;">

এরকম বিজ্ঞাপন দিতে ইচ্ছুক হলে

 আমার সঙ্গে যোগাযোগ করুন

 খরচ মাত্র ৩০০ টাকা।

bannerbanner




style="text-align: justify;">

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জালিয়াতি করে চলছে রেস্টুরেন্ট দোকানের মালিকের অভিযোগে বাতিল জাল ট্রেড লাইসেন্স

চন্দননগর ইস্পাত সংঘে চলছে টি সি এস এ চাকরির ট্রেনিং

বৈদ্যবাটী সীতারাম বাগানে দম্পতির রক্তাক্ত দে উদ্ধার