রাজনীতির ভাষা 

ও 

সভ্যতার সংকট

অয়ন মুখোপাধ্যায়

(মতামত লেখকের নিজস্ব)

গণতন্ত্রে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়,তা রাষ্ট্রের নৈতিক পরিমাপ ও বটে।একজন মুখ্যমন্ত্রীর মুখে যে ভাষা উচ্চারিত হয়,তা প্রশাসনের মানসিকতা, দায়িত্ববোধ ও নাগরিক সংস্কৃতির প্রতিফলন ঘটায়।সেই কারণেই রাজনৈতিক বক্তব্য কোনো ব্যক্তিগত মতামত নয় এটি এক প্রাতিষ্ঠানিক বার্তা, যা জনমানসে গভীর প্রতিধ্বনি তোলে।এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যে ভাষার স্খলন আমরা প্রত্যক্ষ করছি,তা কেবল রাজনৈতিক আক্রমণ নয়;এটি সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়েরও স্পষ্ট চিহ্ন।

১. ভাষার সংকট, শালীনতার অবক্ষয়

রাজনীতির ভাষা একসময় ছিল বিতর্কের, যুক্তির, এবং মতের সংঘর্ষের।আজ তা ক্রমশ পরিণত হচ্ছে কটূক্তির, ব্যঙ্গের এবং ব্যক্তিগত আক্রমণের মঞ্চে।বাংলার রাজনীতি তে সাম্প্রতিক কালে যে সব মন্তব্য উঠে এসেছে,বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নারীদের উদ্দেশে করা কিছু বক্তব্য—তা আমাদের গণতন্ত্রের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।একজন নারী নেতা, যিনি তিন দশকেরও বেশি রাজনৈতিক সংগ্রামের ফলশ্রুতিতেরাজ্যের সর্বোচ্চ পদে আসীন,তাঁর কাছ থেকে সমাজ অন্যরকম সংযম, অন্যরকম মানসিক পরিপক্বতা আশা করে।কিন্তু যখন সেই নেত্রীই কটূ মন্তব্য করেন,যা নারীর সম্মান ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে,তখন সেটি কেবল রাজনৈতিক হঠকারিতা নয়—এটি নারীমর্যাদা ও সুশাসনের ধারণার বিরুদ্ধেও এক অঘোষিত আক্রমণ।বাংলা এমন এক সমাজ, যেখানে নারী মুক্তি ও মর্যাদার ইতিহাস একসময় আমাদের সভ্যতার গৌরব ছিল।সেই বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে যদি একজন নারী মুখ্যমন্ত্রী নারী সম্পর্কে অবমাননা কর উক্তি করেন,তবে সেটি কেবল প্রতিপক্ষ কে আক্রমণ নয়—এটি গোটা নারী সমাজের আত্মসম্মানকে আঘাত করা।

২. প্রশাসনিক নৈতিকতার প্রশ্ন

প্রশাসন মানে কেবল রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল নয়।প্রশাসন মানে নাগরিকের প্রতি একটি নৈতিক প্রতিশ্রুতি—সম্মান, নিরাপত্তা, ও ন্যায়বিচারের নিশ্চয়তা।যখন ক্ষমতার শীর্ষে বসা কেউ এমন ভাষায় কথা বলেনযা নাগরিকের মর্যাদাকে ছোট করে দেয়,তখন প্রশাসনের মুখোশ খুলে পড়ে।মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন রাজনৈতিক নেতা নন;তিনি প্রশাসনের প্রতীক, আইন শৃঙ্খলার মুখ,রাষ্ট্রের নৈতিক বার্তাবাহক।তাঁর প্রতিটি শব্দের ওজন রয়েছে।তাই তাঁর বক্তব্য কেবল ব্যক্তিগত মত নয়,এটি প্রশাসনিক দায়বদ্ধতার পরিমাপ।যদি সেই বক্তব্যেই নারী বা বিরোধী দলের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য থাকে,তবে তা প্রশাসনের নিরপেক্ষতার উপরও প্রশ্ন তোলে।বাংলায় আজ যে প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে—চাই তা অপরাধ নিয়ন্ত্রণ হোক, দুর্নীতির মোকাবিলা হোক,অথবা রাজনৈতিক সহিংসতার তদন্ত—সব ক্ষেত্রেই ভাষার এই স্খলন প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছে।কারণ শাসক শ্রেণির ভাষা যখন ন্যায় ও সংযম হারায়,তখন মাঠে-ময়দানে প্রশাসনিক নিরপেক্ষতা অদৃশ্য হয়ে যায়।ফলতঃ আইনশৃঙ্খলা কেবল কাগজে থেকে যায়,বাস্তবের রাজপথে শাসনের অনুশাসন হারিয়ে যায়।

৩. নারী-নেতৃত্বের নৈতিক দায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা একসময় নারীর সংগ্রামের প্রতীক ছিল।তিনি ছিলেন প্রতিরোধের প্রতিচ্ছবি, পিতৃতান্ত্রিক রাজনীতির বিপরীতে এক নতুন সম্ভাবনা।কিন্তু আজ, সেই প্রতীক নিজেই প্রশ্নের মুখে।যখন একজন নারী নেত্রী নারী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন,তখন সেটি কেবল রাজনৈতিক পরিসরের সীমা অতিক্রম করে যায়—এটি সমাজে নারী-নেতৃত্বের ধারণা কেই দুর্বল করে দেয়।নারী রাজনীতিক দের সমাজ যে অতিরিক্ত সংযম,সংবেদন শীলতা ও মানবিকতা প্রত্যাশা করে,তা শুধুই সংস্কারের ফল নয়,এটি একটি নৈতিক আদর্শের দাবি।একজন নারী মুখ্যমন্ত্রী যদি সেই আদর্শকেই লঙ্ঘন করেন,তাহলে তা কেবল তাঁর দলের ভাবমূর্তিকেই নয়,পুরো নারী নেতৃত্বের বিশ্বাস যোগ্যতাকেও ক্ষুণ্ণ করে।এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক ভাবে নয়,নৈতিক ভাবেও প্রশ্নবিদ্ধ।কারণ ক্ষমতার আসনে বসে,নারী হিসেবে নিজের সংগ্রামের ইতিহাস ভুলে যদি তিনি এমন মন্তব্য করেন যা অন্য নারীদের অপমানিত করে,তবে সেটি এক গভীর আত্ম বিরোধিতা।এটি সেই প্রতীকী পরাজয়,যেখানে নারীর শক্তি ক্ষমতার মুখে হারিয়ে যায়।

৪. শাসনের মুখ ও নীরবতার দায়

প্রশাসনিক ব্যর্থতা কেবল পরিসংখ্যান নয়,এটি নৈতিক ব্যর্থতা।যখন রাজ্যের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়,যখন তদন্ত হয় নির্বাচনী সুবিধা অনুযায়ী,যখন আইন প্রয়োগ হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে,তখন মুখ্যমন্ত্রীর নীরবতা হয়ে ওঠে এক প্রকার মূক অনুমোদন।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন বহুবার দেখিয়েছে কীভাবে অভিযোগের মোকাবিলায় তাঁরা ভাষার আক্রমণ দিয়ে প্রতিক্রিয়া দেন। এবং যথারীতি এবং তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বাংলার নারীদের অপমান করেন।এই প্রতিক্রিয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।কারণ সরকার যদি সমালোচনা কে ‘শত্রুতা’ ভাবে,তবে প্রশাসন হয়ে যায় প্রতিহিংসার বাহন।আজ বাংলার রাজনীতিতে যা ঘটছে,তা একদিকে ভাষার স্খলন,অন্যদিকে প্রশাসনের আত্মসমর্পণ।এ দুটি মিলে তৈরি করেছে এক ‘নতুন স্বাভাবিকতা’—যেখানে নীতিহীন ভাষাই রাজনীতির পরিচয়।এখন প্রশ্ন হলো, এই ভাষা কি শুধুই এক দলের?না, এটি পুরো রাজনৈতিক পরিসরের প্রতিফলন?উত্তরটি তিক্ত, কিন্তু সত্য—যেখানে জনগণ নীরব থাকে,সেখানে শাসকের ভাষা ধীরে ধীরে সংযম হারায়।

৫. ভাষার নৈতিক পুনর্গঠন: এক জরুরি দাবি

আমাদের দরকার উন্নয়নের নতুন সংজ্ঞা নয়,দরকার ভাষার নৈতিক পুনর্গঠন।একটি সভ্য সমাজে ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভাষার মান।

যে সরকার নিজের ভাষায় সৌজন্য হারায়,সে সরকার উন্নয়নের দাবিও নৈতিকভাবে হারায়।আজ যখন শাসকের মুখ থেকে তির্যক মন্তব্য বের হয়,তখন তা কেবল এক বক্তৃতা নযএটি নাগরিকের মর্যাদার বিরুদ্ধে এক অদৃশ্য আঘাত।রাজনীতি যখন মানবিকতা হারায়,তখন উন্নয়নের পরিসংখ্যান অর্থহীন হয়ে পড়ে।কারণ নাগরিক তখন সংখ্যায় গণ্য হয়,মানুষ হিসেবে নয়।বাংলার রাজনীতি তাই আজ এক সন্ধিক্ষণে।এখানে ক্ষমতা ও নৈতিকতা, ভাষা ও প্রশাসনসব কিছুর পুনর্মূল্যায়ন জরুরি।যদি এই ভাষা-সংস্কৃতি বদলানো না যায়,তবে আগামী প্রজন্মের কাছে রাজনীতি কেবল কৌতুক হয়ে থাকবে,যেখানে সংবেদনশীলতা এক অবান্তর শব্দ,আর ন্যায়বোধ এক পুরনো কল্পকাহিনি।গণতন্ত্র টিকে থাকে বিরোধে, কিন্তু মর্যাদাপূর্ণ বিরোধে।যে বিরোধে যুক্তি থাকে, শালীনতা থাকে,এবং প্রতিপক্ষের প্রতিও মানবিক সম্মান থাকে।যখন সেই বিরোধের ভাষা আক্রমণাত্মক হয়,তখন রাজনীতি তার সভ্যতাকে হারায়।আজ তাই মুখ্যমন্ত্রী হোন বা বিরোধী নেতা—সবারই দরকার আত্ম সমালোচনা।কারণ রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়;এটি সমাজের নৈতিক শিক্ষা।আর সেই শিক্ষার প্রথম পাঠই হলো—ভাষার মর্যাদা রক্ষা করা।

 শেষ কথা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হয়তো রাজনৈতিক তাৎক্ষণিক তার ফল,কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী।তিনি যদি ক্ষমতার চাপে নয়,একজন সচেতন নেতা ও নারী হিসেবে আত্ম সমালোচনা করতে পারেন,তবে সেটিই হবে বাংলার রাজনীতির সত্যিকারের পুনর্জন্ম।কারণ সংযমের মধ্যেই থাকে আসল শক্তি।ভাষা যদি আবার সংযম ফিরে পায়,তবে রাজনীতিও হয়তো তার মানবিকতা পুনরুদ্ধার করতে পারব।






 



style="text-align: justify;">




মন্তব্যসমূহ